নতুন নিয়মে প্রাথমিক শিক্ষক নিয়োগ, যেভাবে করবেন আবেদন

Ayas-ali-Advertise
নতুন নিয়মে প্রাথমিক শিক্ষক নিয়োগ, যেভাবে করবেন আবেদন
ছবি: সংগৃহীত
নতুন নিয়মে প্রাথমিক শিক্ষক নিয়োগ, যেভাবে করবেন আবেদন
ছবি: সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ১০ হাজার ২১৯ জন সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকার। প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ থেকে প্রার্থীদের বাছাই করা হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, আবেদন গ্রহণ শুরু হবে শনিবার (৮ নভেম্বর) থেকে, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধূমপায়ী ও মাদকাসক্ত ব্যক্তিরা এ পদে আবেদন করতে পারবেন না। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, ‘ধূমপান ও মাদকাসক্ত ব্যক্তিদের শিক্ষক পদে অযোগ্য ঘোষণা করা জনস্বাস্থ্যের জন্য ঐতিহাসিক পদক্ষেপ।’

সহকারী শিক্ষকের বেতন হবে ২০১৫ সালের জাতীয় বেতনস্কেলের ১৩তম গ্রেডে, অর্থাৎ মাসিক মূল বেতন ১৭ হাজার ৬৫০ টাকা।

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি, যেখানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ (৪ স্কেলে ২.২৫, ৫ স্কেলে ২.৮) থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।

আবেদন করা যাবে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, সঙ্গে টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা, সর্বমোট ১১২ টাকা।

এবারের নিয়োগ পরীক্ষায় কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। লিখিত পরীক্ষা হবে ৯০ নম্বরের, সময় ৯০ মিনিট। এর মধ্যে বাংলা ও ইংরেজিতে ২৫ করে ৫০ নম্বর এবং গণিত ও সাধারণ জ্ঞানে ২০ করে ৪০ নম্বর থাকবে। মৌখিক পরীক্ষার জন্য থাকবে ১০ নম্বর। লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪৫ (৫০%) এবং মৌখিক পরীক্ষায় ৫ (৫০%) নির্ধারণ করা হয়েছে।

এর আগে লিখিত পরীক্ষা ছিল ৭৫ নম্বরের এবং মৌখিক পরীক্ষা ২৫ নম্বরের। তখন শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর যোগ করা হতো।

নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী। বিবাহিত নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন তাদের স্বামী বা বাবার স্থায়ী ঠিকানার যেকোনো একটির ভিত্তিতে। নিয়োগ হবে উপজেলা বা থানাভিত্তিক, এবং নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ উপজেলা বা থানার বিদ্যালয়েই কর্মরত থাকতে হবে।

গত ২ নভেম্বর সংশোধিত বিধিমালায় সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করা হয়েছে, যা নিয়ে ইতোমধ্যে সমালোচনা শুরু হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪