আর্তমানবতার সেবায় সৈয়দ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মতো সমাজের বৃত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের মনোনয়নপ্রত্যাশী এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
তিনি বলেন, “এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে দৃষ্টান্ত স্থাপন করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে বিশ্বনাথ সদরে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ ও স্বাস্থ্যসেবার উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি সিলেট-২ আসনে এম ইলিয়াস আলীর অসমাপ্ত কাজগুলোও সমাপ্ত করার চেষ্টা করব।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিলেটের বিশ্বনাথ উপজেলার জনকল্যাণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সৈয়দ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। ছানি পড়া শতাধিক রোগীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্বও নেয় ফাউন্ডেশনটি।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রপ্রবাসী সমাজসেবক সৈয়দ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদির।সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. এম মাহবুব আলী জহির, বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন এবং দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক মিয়া, সাবেক আহ্বায়ক আলতাব আলী, দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শিকদার, সমাজসেবক আব্দুল মালিক, সাবেক ইউপি সদস্য দবিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, ফাউন্ডেশনের ডিরেক্টর আসাদুল ইসলাম আফিকুল, সামিরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।




