সিলেট নগরে অবৈধভাবে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন। এ ধরনের অটোরিকশা আগামী ১৫ দিনের মধ্যে নগর থেকে সরানোর নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, বর্তমানে নগরে প্রায় ১৯ হাজার বৈধ সিএনজি অটোরিকশা চলাচল করছে। তবে এর বাইরে অবৈধ অটোরিকশার সংখ্যা বৈধগুলোর চেয়েও বেশি। এসব অটোরিকশাকে নগরে চলাচলের অনুমতি দেওয়া হয়নি।
তিনি বলেন, “আমরা চালকদের ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যেসব অটোরিকশার লাইসেন্স নেই, সেগুলো নগরের বাইরে বিভিন্ন উপজেলায় সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময় পার হলে জেল-জরিমানা এবং প্রয়োজনে ডাম্পিংয়ের ব্যবস্থা করা হবে।”
অটোরিকশার অবাধ পার্কিং প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “তাদের জন্য নির্দিষ্ট স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। কোথায় কোথায় পার্কিং করা সম্ভব তা আমরা খতিয়ে দেখছি। তবে চালকরা অনেক সময় নির্ধারিত স্থান ছেড়ে সড়কে পার্ক করে, এতে যানজট সৃষ্টি হয়। এ বিষয়ে তাদের সতর্ক করা হচ্ছে। নিয়ম ভাঙলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে গাড়ি না রেখে বাইরে সড়কে পার্কিং করার প্রবণতা নিয়েও জেলা প্রশাসক অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “এটি মূলত অভ্যাসের বিষয়। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি। এরপরও তারা আইন মানতে অনাগ্রহী হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আরোও পড়ুন:: চট্টগ্রামে ছেলেকে হত্যার ঘটনায় সিলেটে বাবা-সৎমা গ্রেফতার।






