সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দীর্ঘ ২৮ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
উপাচার্য জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর আগে আগামী দুই–তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। বর্তমানে ক্যাম্পাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে, যা অক্টোবরের মাঝামাঝি সময়ে শেষ হবে। এরপর থেকেই নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন যেন সংঘাত নয়, বরং উৎসবের আমেজে অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, যারা প্রশাসনের কাছে তাদের দাবি ও প্রত্যাশা তুলে ধরবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সর্বশেষ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালে। এর আগে ১৯৯৩ সাল থেকে শুরু করে মোট তিনবার নির্বাচন হয়। এরপর দীর্ঘ প্রায় তিন দশক ধরে শাকসু কার্যত অচল অবস্থায় রয়েছে। এত বছর পর নতুন করে নির্বাচন আয়োজনের ঘোষণা শিক্ষার্থীদের মাঝে আশাবাদ তৈরি করেছে।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের হল সংসদ সংক্রান্ত গঠনতন্ত্র এখনো চূড়ান্ত হয়নি। সেটি দ্রুত সম্পন্ন করে পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন বলে জানানো হয়েছে।
আরোও পড়ুন:: সিলেটে ছিনতাইয়ের সময় তিন যুবক গ্রেফতার, একজনের বাড়ি?।






