সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) সিন্ডিকেট সদস্য হিসেবে পাঁচজনকে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (২৬ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনটি ক্যাটাগরিতে এ পাঁচজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এগুলো হলো— চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন বা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য এবং অধিভুক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ।
প্রথম ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ও সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) প্রধান শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নুরুননাহার ফাতেমা বেগম এবং পথিকৃত ইনস্টিটিউট অব হেলথ স্টাডিজের অনারারি চিফ সায়েন্টিস্ট ও উপদেষ্টা অধ্যাপক ডা. লিয়াকত আলী।
অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম। আর অধ্যক্ষ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী এবং সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (২০২৫ সালের ১৪ নম্বর অধ্যাদেশ দ্বারা সংশোধিত)’ এর ধারা ১৯(১)(জ), ১৯(১)(ঝ), ১৯(১)(ত) এবং ১৯(২) অনুযায়ী এই পাঁচজনকে দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। জনস্বার্থে এই আদেশ প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই কার্যকর হবে বলেও এতে জানানো হয়।
আরোও পড়ুন:: নির্বাচনের ৪বছর পর শপথ নিলেন বালাগঞ্জের ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম।






