সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে মসজিদের সামনে যাত্রী ছাউনি রাখা হবে নাকি সরিয়ে ফেলা হবে—এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়।
শুক্রবার রাত ৯টার দিকে এই বিরোধ মুখোমুখি সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন এবং একটি রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্যমতে, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতার ও পাপড়ি রেস্টুরেন্টের মালিক এবং বিএনপি নেতা জুবায়ের আহমদ লিটনের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। যাত্রী ছাউনিকে কেন্দ্র করে সেই দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। একপক্ষ ছাউনি অপসারণের দাবি জানায়, অপরপক্ষ সেটি বহাল রাখার পক্ষে অবস্থান নেয়। পরে বিষয়টি হাতাহাতি ও সংঘর্ষে গড়ায়।
ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার পাশাপাশি ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল বাতেন খান জানান, সংঘর্ষে ১৫-২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





