সিলেটের ত্রিভুজ প্রেমের জেরে বন্ধুর হাতে যুবদল কর্মী খুন

Ayas-ali-Advertise
সিলেটের ত্রিভুজ প্রেমের জেরে যুবদল কর্মী খুন
শেখ মো. রনি হোসেন।
সিলেটের ত্রিভুজ প্রেমের জেরে যুবদল কর্মী খুন
শেখ মো. রনি হোসেন।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের গোলাপগঞ্জে ত্রিভুজ প্রেমের জেরে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন যুবদল কর্মী শেখ মো. রনি হোসেন (২৯)। শনিবার (৯ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে গোলাপগঞ্জ পৌরসদরের কদমতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রনি হোসেন উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি যুবদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে। অভিযুক্ত রাজু আহমদ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রনি ও রাজু দীর্ঘদিনের বন্ধু ছিলেন এবং দুজনেই যুবদলের সমর্থক। তবে তাদের মধ্যে পূর্ববিরোধ ও নারীঘটিত একটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক স্ট্যাটাস দেওয়ায় ক্ষুব্ধ হয়ে রাজু রনিকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।

হামলার পর স্থানীয়রা রনিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে প্রেমঘটিত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত রাজু ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ওই তরুণীকেও জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪