সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তুরস্কের ইস্তাম্বুলে জরুরি অবতরণ করে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসুস্থ যাত্রীর নাম শামসুন নেহার। ফ্লাইট বিজি-২০১ পরিচালনার দায়িত্বে ছিলেন সংস্থার চিফ অব ফ্লাইট ট্রেনিং ক্যাপ্টেন সাজ্জাদুল হক। যাত্রাপথে শামসুন নেহার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পাইলট ‘মেডিকেল ইমারজেন্সি’ ঘোষণা করেন এবং তাৎক্ষণিকভাবে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আইন ও জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক মো. আল মাসুদ খান জানান, ইস্তাম্বুলে অবতরণের পর অসুস্থ যাত্রী শামসুন নেহার এবং তার সঙ্গে থাকা আরও দুই সহযাত্রী ফ্লাইট থেকে নেমে যান।
বিমান সূত্রে জানা গেছে, বিজি-২০১ ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সকাল ১১টা ২৫ মিনিটে উড়াল দেয় এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরে স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল। তবে ইস্তাম্বুলে জরুরি অবতরণের কারণে ফ্লাইটটি বিলম্বিত হয়। পরবর্তীতে তুরস্কের স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটে ইস্তাম্বুল থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি।
আরও পড়ুন:: ডিসেম্বরে প্রথমার্ধেই জাতীয় ভোটের তফসিল, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট।








