সিলেটের মেজরটিলা এলাকায় ২৫ জুন বুধবার বিকেলে এক শিশুকে গলাকেটে হত্যা করা হয়েছে। হত্যার শিকার শিশুটির বয়স ছিল দুই মাস। এসময় তার সাথে ঘুমিয়ে থাকা পিতার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।
নিহত শিশুটির নাম ইনায়া রহমান। সে মেজরটিলা বাজারের সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, আতিকুর রহমান পরিবারসহ ইসলামপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। বুধবার দুপুরে খাবার খাওয়ার পর আতিকুর রহমান, তার স্ত্রী ও সন্তান ঘুমিয়ে পড়েন। পরে বিকেলের দিকে হঠাৎ করে চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দেখেন, আতিকুর রহমানের পাশে তার দুই মাস বয়সী মেয়ে ইনায়ার গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে এবং আতিকুর রহমানের গলায় অর্ধেক কাটার চিহ্ন রয়েছে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং আতিকুর রহমানকে দ্রুত ভর্তি করেন। বর্তমানে আতিকুর রহমান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনাটি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল রাজন।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:: সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুল গফ্ফারের মৃত্যুতে ইলিয়াসপত্নীর শোক।







