সিলেটের ওসমানীনগরের মাসুক মিয়া হত্যা মামলায় ৪ ভাইসহ ৮ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার (২৬ মে) এ রায় ঘোষণা করা হয় ।
রায়টি প্রদান করেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন। এ মামলায় মাসুক মিয়ার ৪ ভাই, দুই ভাবী এবং অপর কয়েকজন আসামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৩ জুন মাসুক মিয়া তার বাড়ি থেকে গোয়ালাবাজারে বের হন, কিন্তু পরদিন তার মরদেহ দাসপাড়া গ্রামে পাওয়া যায়। পরে তার ভাই আলফু মিয়া এবং শেখ তোতা মরদেহটি শনাক্ত করেন।
প্রাথমিকভাবে মাসুকের ভাই আলফু মিয়া অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা করেন। তবে তদন্তের সময় সন্দেহ হলে ওসমানীনগর থানার তৎকালীন পরিদর্শক এসএম মাঈন উদ্দিন মাসুকের ভাই আলফু, পংকী ও তোতাকে আটক করেন। পরবর্তীতে এসআই মমিনুল নতুন একটি হত্যা মামলার মাধ্যমে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আল আসলাম মুমিন জানান, মাসুক বিদেশ থেকে তার ভাইদের কাছে টাকা পাঠাতেন। জমি কেনার ক্ষেত্রে এক ধরনের বিরোধ দেখা দিলে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মাসুকের ৪ ভাই শেখ আলফু মিয়া (৪১), শেখ পংকী মিয়া (৪৩), শেখ তোতা মিয়া (৫৭), শেখ আব্দুর রব (৬৩), ভাবী লাভলী বেগম, শেখ আনোয়ারা বেগম, ফখর উদ্দিন এবং হেলাল উদ্দিন। তাদের মধ্যে দিপু মিয়া ছাড়া সবাই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সোহেল রানা।
আরও পড়ুন: সিলেট রুটে পুনরায় চালু হলো এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট।







