সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই সিলেটজুড়ে বিএনপিপন্থী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে বলে দাবি করেছেন দলের স্থানীয় নেতারা।
তবে এখনো সব এলাকায় কার্যক্রম পুরোদমে শুরু হয়নি। প্রস্তুতির কাজ চললেও শিগগিরই প্রতিটি ইউনিটে কার্যক্রম চালু হবে বলে জানানো হয়েছে। নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়ন কার্যক্রমও একসঙ্গে চলবে।
নতুন সদস্য হতে আগ্রহীদের ৩০ টাকা ফি দিয়ে সংশ্লিষ্ট ইউনিট থেকে একটি আবেদনপত্র সংগ্রহ করতে হবে। সেটি পূরণ করে জমা দিলে যাচাই-বাছাই শেষে একটি বিশেষ টোকেন দেওয়া হবে। সেই টোকেন ব্যবহার করে কেন্দ্রীয় কার্যালয় থেকে মূল সদস্য ফরম সংগ্রহ করে পূরণ করে জমা দিলেই সদস্যপদ নিশ্চিত হবে।
অপরদিকে, যাঁরা সদস্যপদ নবায়ন করতে চান, তাঁদের জন্য আবেদনপত্র লাগবে না। শুধুমাত্র নির্ধারিত ফি ২০ টাকা জমা দিয়ে টোকেন সংগ্রহ করলেই মূল সদস্য ফরম সরবরাহ করা হবে।
সিলেট বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সদস্য সংগ্রহ ও নবায়নের পুরো প্রক্রিয়াটি সহজ এবং সরল, যাতে কেউ জটিলতায় না পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, “জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আবেদনপত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিছু এলাকায় ইতোমধ্যে ফরম পৌঁছে গেছে। নির্ধারিত ফি জমা দিয়ে ফরম সংগ্রহ করলেই আবেদনকারীকে পরবর্তী ধাপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।”
উল্লেখ্য, সারাদেশে এক কোটি নতুন সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্য নিয়ে বিএনপি গত ১৫ মে থেকে এ কার্যক্রম শুরু করেছে।
আরও পড়ুন:: জুবাইদা রহমানের সাজা স্থগিত, আপিল শুনানি বৃহস্পতিবার।







