বিশ্বনাথে স্কুলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি গ্রেপ্তার

Ayas-ali-Advertise
বিশ্বনাথে স্কুলে হামলার ঘটনায়
বিশ্বনাথে স্কুলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি গ্রেপ্তার।
বিশ্বনাথে স্কুলে হামলার ঘটনায়
বিশ্বনাথে স্কুলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি গ্রেপ্তার।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি প্রতিষ্ঠানের শরীরচর্চার শিক্ষক কামাল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১০টায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশ এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরদিন শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান। কামাল মিয়ার বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলা লৈইল্যাপুর গ্রামে।

জানা যায়, ২০২৪ সালের ২৫ নভেম্বর রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে হামলার ঘটনা ঘটে। হামলাকারিরা প্রতিষ্ঠানটির দরজা-জানালা ও আসবাবপত্র ভাংচুর করে এবং অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ছিফত আলী বাদী হয়ে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম ও দ্রুত বিচার আদালতে মামলা (নাম্বার ৮৪/২৪) দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য সিলেটের পিবিআইকে দায়িত্ব দেন। পিবিআই গত ১৮ মার্চ নথি এবং আইনজীবীর বক্তব্য পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারি অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪/৫ ধারার অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার আসামিরা হলেন মো. কামাল মিয়া, সৈদ আলী, আবুল কালাম, সুহেল আহমদ বাদশা, হেলাল আহমদ চৌধুরী, ছাদিকুর রহমান ওরফে লাহিন আহমদ, ইকবাল আহমদ ও আব্দুস সালাম।

এ মামলায় এ পর্যন্ত পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে একজনের জামিন না মঞ্জুর হয়। এরমধ্যে কামাল মিয়া ছাড়া বাকি দু’জন বর্তমানে জামিনে রয়েছেন।

একটি সূত্র জানায়, শরীরচর্চার শিক্ষক কামাল মিয়ার অনিয়মের বিরুদ্ধে প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানের তৎকালীন সভাপতির নিকট একটি লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে ইউএনও কামাল মিয়াকে তিনবার কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

এছাড়াও, এলাকার জনপ্রতিনিধি ও ৯৭ জন অভিভাবক গত ২৫ জানুয়ারি ইউএনও বরাবরে কামাল মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। পরবর্তীতে এলাকাবাসি সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪