সরকারের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদল। রোববার (২০ এপ্রিল) মাগরিবের নামাজের পর পৌর শহরের আল হেরা শপিং সিটির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর মুখে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে এখনো একদল ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করে জনগণের অধিকার হরণ করতে চায়। জনগণ তাদের সে ষড়যন্ত্র সফল হতে দেবে না। তারা বলেন, সিলেটবাসীর প্রিয় নেতা ইলিয়াস আলীর জন্মভূমি বিশ্বনাথে আওয়ামী লীগের কোনো অবস্থান থাকতে পারে না।
পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন—উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ, পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সুমন মিয়া এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ।
সমাবেশে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:: বিশ্বনাথে আল-হেরা ভাঙচুর মামলায় ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেফতার।





