বিশ্বনাথে বাক প্রতিবন্ধি কৃষকের শেষ সম্বল ৪টি গরু চুরি

Ayas-ali-Advertise
বিশ্বনাথে বাক প্রতিবন্ধি কৃষকের শেষ সম্বল ৪টি গরু চুরি
প্রতীকি ছবি।
বিশ্বনাথে বাক প্রতিবন্ধি কৃষকের শেষ সম্বল ৪টি গরু চুরি
প্রতীকি ছবি।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্ধুয়া (দক্ষিণ নোয়াগাঁও) গ্রামে এক অসহায় বাক প্রতিবন্ধি কৃষকের শেষ সম্বল ৪টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গভীর রাতে কৃষক আব্দুল মতিনের গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো চুরি করা হয়।

জানা গেছে, বাক প্রতিবন্ধি আব্দুল মতিন পেশায় একজন কৃষক। তিনি দীর্ঘদিন ধরে অন্য একজন ব্যক্তির কাছ থেকে বর্গা হিসেবে দুটি গরু পালন করে আসছিলেন। তার নিজস্ব দুটি গরু মিলিয়ে মোট ৪টি গরু ছিল। চুরি হওয়া গরুগুলোর মধ্যে একটি লাল রঙের গাভী, একটি নেরা লাল ষাঁড়, একটি সাদা ষাঁড় ও একটি লাল রঙের গাভী বাছুর রয়েছে।

আব্দুল মতিন জানান, প্রতিদিনের মতো বুধবার রাতেও গোয়ালঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন, গোয়ালঘরের তালা ভাঙা এবং গরুগুলো নেই। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসহায় এই কৃষকের শেষ সম্বল ছিল গরুগুলোই। চুরির ঘটনায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে।

স্থানীয়রা জানান, বিশ্বনাথ উপজেলায় গরু চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। প্রতিরাতে কোনো না কোনো এলাকায় চোরের দল হানা দিচ্ছে। সংঘবদ্ধ এই চোর চক্র নাম্বারবিহীন ট্রাক, পিকআপ বা সিএনজিতে করে গরু তুলে নিয়ে যাচ্ছে বিভিন্ন উপজেলায়। ক্ষতিগ্রস্ত অনেকে পুলিশি হয়রানি বা প্রতিকার না পাওয়ার আশঙ্কায় থানায় অভিযোগ করতে আগ্রহী নন, ফলে চোরেরা বারবার পার পেয়ে যাচ্ছে।

এদিকে গরু চুরি নিয়ে কথা বলতে গিয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “থানায় এখন পর্যন্ত গরু চুরির কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পুলিশের নজরদারি আরও বাড়ানো হবে।”

যদি কোনো সুহৃদয় ব্যক্তি গরুগুলোর সন্ধান পান বা কোথাও দেখে থাকেন, তাহলে বিশ্বনাথ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে অসহায় কৃষক আব্দুল মতিন কিছুটা হলেও স্বস্তি ফিরে পান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪