বিশ্বনাথের আল-হেরা মার্কেটে দুর্ধর্ষ চুরির ঘটনায় মহিলা গ্রেফতার : মোবাইল উদ্ধার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ আল-হেরা শপিং সিটির দেয়াল ভেঙে ‘জুয়েল মোবাইল গার্ডেন’ নামের একটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি ঘটনায় শাহানা বেগম (৪৪) নামের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। সে সিলেট নগরীর মজুমদারী এলাকার তরঙ্গ-৩৯ বাসায় বসবাসকারী মৃত ফখরুল ইসলামের স্ত্রী। শুক্রবার রাতে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ। এসময় তার কাছ থেকে চোরাইকৃত ৮টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে এসআই অরুপ সাগর, সুলতান উদ্দিন, দেবাশীষ শর্ম্বা, রসুল আহমদ ও এএসআই রুবিনা আক্তার সহ একদল পুলিশ শুক্রবার রাত ৮টায় সিলেট নগরীর মজুমদারী এলাকার তরড়ঙ্গ-৩৯ বাসায় অভিযান চালিয়ে জুয়েল মোবাইল গার্ডেন থেকে চোরাইকৃত ৮টি মোবাইল সেট সহ শাহানা বেগমকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মালামাল উদ্ধার ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবতী বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, গ্রেফতারের পর পুলিশের কাছে শাহানা বেগমের দেয়া তথ্য যাচাই বাচাই করা হচ্ছে। আজ (শনিবার) বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হবে। ঘটনার রহস্য উদঘাটনে শাহানা বেগমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানানো হবে।
উল্লেখ, গত ৩ সেপ্টেম্বর রাতে আল-হেরা শপিং সিটি’র নিচ তলায় অবস্থিত জুয়েল মোবাইল গার্ডেনের পিছনের দেয়াল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। এসময় চুরেরা জুয়েল মোবাইল গার্ডেনের ক্যাশে নগদ টাকা সহ কয়েল লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এঘটনায় ৪ সেপ্টেম্বর দোকানের স্বত্বাধিকারী জুয়েল আহমদ বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৪।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪