সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক হেলালকে ওসমানী হাসপাতালে স্থানান্তর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

pic 08.04.2019 2বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক সবুজ সিলেটের বালাগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এসএম হেলাল (৩৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রোববার (০৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন। এসময় তার সঙ্গে থাকা অপর আরোহীও গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও পথচারী রাত ১১টায় তাদের দক্ষিণ সুরমার নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় সাংবাদিক এসএম হেলালের বাম হাতে কনুইয়ে হাড় ভেঙে গেছে এবং হাটুতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার সঙ্গে থাকা অপর আরোহী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
সাংবাদিক এসএম হেলালের দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দেখতে যান অন-লাইন পত্রিকা বালাগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মুহাম্মদ শরীফুজ্জামান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সহ সাধারণ সম্পাদক এমএ কাদির।
এছাড়া নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন সাংবাদিক এসএম হেলালের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। তিনি আজ সোমবার (০৮ এপ্রিল) সকালে তাকে দেখতে হাসপাতালে যান। এসময় তিনি চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন এবং সমবেদনা জানান। এছাড়া দুপুরে সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, যুক্তরাজ্যস্থ গহরপুর এসোসিয়েশনের সভাপতি, প্রবাসী কমিউনিটি নেতা মো. আবুল মিয়া প্রমুখ আহত সাংবাদিক এসএম হেলালকে হাসপাতালে দেখতে যান।
এদিকে দুর্ঘটনায় আহত সাংবাদিক এসএম হেলালকে আজ সোমবার সন্ধ্যায় নর্থইস্ট হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার হাতে অপারেশন করতে হবে। পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪