বিশ্বনাথে যুবকের উপর হামলার অভিযোগে মামলা : গ্রেফতার ১

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় লুলু মিয়া (২৮) নামের এক যুবক গুরুত্বর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাবপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র। এঘটনায় আহত লিলু মিয়ার পিতা বাদী হয়ে প্রতিপক্ষের ৬ জনের নাম উল্লেখ করে ও আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি রেখে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- উপজেলার কুমারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র তৈয়বুর রহমান কালা (২৫), লুৎফুর রহমান (২২), সাদিকুর রহমান (২০), একই গ্রামের মৃত আলতাবুর রহমানের পুত্র সফিকুল ইসলাম (৩৬), সাইদুল ইসলাম (৪৫) ও সিরাজুল ইসলাম (৫০)। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত তৈয়বুর রহমান কালাকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার পুত্র লুলু মিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ২৭ অক্টোবর রাতে বাদীর বসত বাড়ীতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অনাধিকার প্রবেশ করে তার ছেলেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসময় ঘর থেকে লুলু মিয়া বের হয়ে গালিগালাজের কারণ জানতে চাইলে অভিযুক্তরা তার উপর হামলা করেন। এতে লুলু মিয়া গুরুত্বর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই দিদার আলম বলেন, মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪