বালাগঞ্জে খেলাফত মজলিসের মিছিল ও সভা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ থেকে :: বালাগঞ্জে পুলিশ প্রহরায় শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ভোলায় মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আহুত সমাবেশ ঘিরে গুলিতে ৪জন নিহতের ঘটনায় খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের বালাগঞ্জ উপজেলার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এ নিয়ে কোন বিশৃঙ্খলা ঘটেনি।
শুক্রবার বিকালে বালাগঞ্জ বাজারস্থ পোস্ট অফিস এলাকা থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি বালাগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হুসাইন আহমদ মিসবাহ।
সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিকের পরিচালনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান, উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন মিসলু, গিয়াস উদ্দিন নোমান, আব্দুর রশিদ মেম্বার, উপজেলা ছাত্র মজলিসের সভাপতি নাসিম আহমদ সোহাগ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা ‘মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি এবং তাওহীদি জনতার উপর পুলিশ কর্তৃক গুলিবর্ষণের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ’র দাবি জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪