রাজন হত্যা: দন্ডপ্রাপ্ত পলাতক শামীমের আত্মসমর্পণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

38103নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটে নির্মম নির্যাতনে খুন হওয়া শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় ৭ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক শামীম আহমদ আদালতে আত্মসমর্পণ করেছে। রোববার দুপুর ১২টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে আত্মসমর্পণ করে সে।

রাজনের বাবার নিযুক্ত আইনজীবীব এডভোকেট মশরুর চৌধুরী শওকত জানান, শামীম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন জানায়। কিন্তু আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

শামীম রাজন হত্যাকান্ডের প্রধান হোতা কামরুল ইসলামের ছোট ভাই। হত্যাকান্ডের পর থেকেই সে পলাতক ছিল।

শামীম আত্মসমর্পণ করলেও রাজন হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত জাকির হোসেন পাভেল ওরফে রাজু এখনো পলাতক রয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে পিটিয়ে হত্যা করা হয় রাজনকে। হত্যাকান্ডের চারমাসের মাথায় গত ৮ নভেম্বর রাজন হত্যা মামলার রায় ঘোষিত হয়। ওই মামলায় ৪ জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের কারাদন্ড, ২ জনের একবছরের কারাদন্ড ও ৩ জনকে খালাস প্রদান করেন আদালত।

ফাঁসির দন্ডপ্রাপ্তরা হচ্ছেন সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার শেখপাড়া গ্রামের মৃত আবদুুল মালেকের ছেলে সৌদি প্রবাসী কামরুল ইসলাম, একই গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজউদ্দিন আহমদ ওরফে বাদল, পীরপুর গ্রামের মৃত মব উল্লাহর ছেলে সাদিক আহমদ ময়না ওরফে বড় ময়না ওরফে ময়না চৌকিদার, সুনামগঞ্জের দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের অলিউর রহমান ওরফে অলিউল্লাহর ছেলে মো. জাকির হোসেন পাভেল ওরফে রাজু।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪