জাফলংয়ে পিয়াইন নদী থেকে নিখোঁজ কামরুলের লাশ উদ্ধার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

sohel-med_28080মনজুর আহমদ, গোয়াইনঘাট থেকে :জাফলংয়ে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কামরুল ইসলাম (২০) এর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ডুবুরীর সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার বিকাল ৪টার দিকে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন কামরুল। এ সময় কয়েকজন বন্ধুও তার  সাথে সাঁতার কাটায় অংশ নেয়।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই জানান, নিখোঁজ কামরুল সিলেট নগরীর শাহী ঈদগাহ হোসনাবাদ এলাকার বাসিন্দা। তার বাবার নাম খুরশেদ আলম। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বিকেলে নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে পড়ে যান কামরুল। এরপর বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরীরা উদ্ধার অভিযানে নামে। প্রায় ১৮ ঘন্টা অভিযান চালিয়ে বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার জাবেদ হোসেন মো: তারেক জানান, এ অভিযানের নেতৃত্বে ছিলেন-ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অধীর  চন্দ্র হাওলাদার। ডুবুরী ছিলেন কবির হোসেন। এছাড়া, গোয়াইনঘাট থানার এস আই মিজানুর রহমানের নেতৃত্বেও একদল পুলিশ সেখানে উপস্থিত ছিল।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪