‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্য সামনে রেখে সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়।
এর আগে বিশ্বনাথ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলা, প্রতিরোধ এবং উদ্ধার কার্যক্রম নিয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সিহাব বিন আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস শহিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অঞ্জন কুমার দাস, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ এবং বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মনি কাঞ্চন চৌধুরী।
সভায় বক্তারা বলেন, দুর্যোগ প্রশমন দিবসের মূল উদ্দেশ্য হলো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো। দুর্যোগের ঝুঁকি কমাতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রাকৃতিক ও মানবসৃষ্ট—উভয় ধরনের দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে হবে। দুর্যোগের আগে যথাযথ প্রস্তুতি থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।






