সিলেটের বিশ্বনাথে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম। সভা পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিহাব বিন আমিন।
সভায় বক্তব্য দেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমির মাস্টার ইমাদ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম সারোয়ার জাহান, বিশ্বনাথ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার চিত্ত রঞ্জন বৈদ্য, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দেব, জেলা পূজা উদ্যাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য বিভাংশু গুণ বিভু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার খান এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনে সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি যেকোনো ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা।
সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







