সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধদের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দফায় দফায় দুই গ্রামবাসীর সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ প্রায় ৩০জন আহতের খবর পাওয়া গেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকী ও ইশবপুর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয়পক্ষের আহতরা হলেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া, মো. মাসুক মিয়া, কবির মিয়া, মিজানুর রহমান, আতিকুর রহমান, আব্দুল ওয়াহিদ টিটন, জাকির আহমদ, হাজী ছফির আলী, তাজ মিয়া, জনি আহমদ, জয়নাল মিয়া, কয়ছর মিয়া, জমিল মিয়া, সাইদ উদ্দিন, আলিম উদ্দিন।
গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বিশ্বনাথ থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত শান্ত করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা ৫৫ মিনিট) ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকী গ্রামের বাসিন্দা ও লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এবং ইশবপুর গ্রামের হাজী ছফির আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে আজ রবিবার দুপুরে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন মাইকিং করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপী চলে এ সংর্ঘষ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, বর্তমানে এলাকার পরিস্থিত শান্ত রয়েছে। তবে, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





