সিলেটের বিশ্বনাথে হামলায় আহত বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুল মজিদ বকুলকে দেখতে তাঁর বাসায় গেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। গতকাল শনিবার সকালে বিশ্বনাথ পৌরশহরের টিঅ্যান্ডটি রোডে বকুলের বাসায় যান তিনি।
এ সময় সংসদ সদস্য আহত বকুলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে কথা বলেন। পরে কিছু সময় তাঁর পাশে কাটান।
এ সময় তাহসিনা রুশদীর লুনা বলেন, হামলাকারী যে-ই হোক, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। বিশ্বনাথে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।
তিনি পুলিশ প্রশাসনকে বকুলের ওপর হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটনসহ দলীয় নেতা-কর্মীরা।





