ঢাকা-সিলেট মহাসড়কে ছয় লেনের নির্মাণকাজ চলাকালীন নিত্যদিনের দুর্ঘটনা প্রতিরোধে চিহ্নিত ১৪টি দুর্ঘটনাপ্রবণ স্থানে জরুরি ভিত্তিতে অস্থায়ী রোড ডিভাইডার নির্মাণের দাবি জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয় হিসেবে তিনি এ দাবি উত্থাপন করেন।
সংসদে দেওয়া বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের এক বড় অংশ সিলেট-২ আসনের ওসমানীনগর উপজেলার ওপর দিয়ে গেছে। বর্তমানে মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের কাজ চলায় এবং এলাকার জনবহুল বাজার, স্কুল-মাদ্রাসা ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বা রোড ডিভাইডার না থাকায় প্রতিনিয়ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি, কেবল জুলাই ও পরবর্তী দুই মাসেই এসব দুর্ঘটনায় প্রায় ৩০ জনের প্রাণহানি ঘটেছে, যা অত্যন্ত বেদনাদায়ক।
তিনি আরও জানান, ছয় লেনের স্থায়ী নির্মাণকাজ শেষ হতে দীর্ঘ সময় লাগবে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা রোধ ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর সমন্বয়ে তাজপুর, ছদিয়াপুর, দয়ামীর এবং গোয়ালাবাজারসহ মোট ১৪টি অতি ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়াতে এসব পয়েন্টে অগ্রাধিকার ভিত্তিতে অবিলম্বে অস্থায়ী রোড ডিভাইডার স্থাপনের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।





