বিশ্বনাথে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

পৌর শহরের নতুনবাজারে সোনালী ব্যাংকের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে পুরানবাজারের রামসুন্দর স্কুলের সামনে ও বিশ্বনাথ আলিয়া মাদরাসার সম্মুখ দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি আবার নতুনবাজারে সোনালী ব্যাংকের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়, এটি গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন।

বক্তারা আরও বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবিলা করে জনগণের পাশে থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় পথসভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি হাজী আবদুল হাই ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন দলের নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪