মন্ত্রিসভার শপথ গ্রহণে সিলেটের হুমায়ুন কবিরসহ ৫ নতুন মুখ, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম দফায় রদবদল হতে যাচ্ছে আজ শুক্রবার সন্ধ্যার পর। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, সম্ভাব্য রদবদলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে। মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে পারেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।

এর বাইরে মন্ত্রিসভায় আরও কিছু পরিবর্তন আসতে পারে। বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হতে পারেন বলে সূত্রগুলো জানিয়েছে।

অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। একই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর শপথের পরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ানোর কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং তাঁদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

তবে মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪