বিশ্বনাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০ নেতার নামে মামলা, গ্রেপ্তার ১

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নামোল্লেখিত ২০ জন এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল সিংহ বাদী হয়ে থানায় এই মামলা দায়ের করেন।

​মামলার আসামিরা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ​সিরাজুল ইসলাম রুকন, সহসভাপতি ​শামীম আহমদ, ​কয়েছ আহমদ, ​তাহের আহমদ সামি, ​জুমন মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ​নাহিদ আমীন, ​রেজাউল ইসলাম রেজা, ​ইমরান আহমদ, ​ইমাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবেদ আহমদ আসলাম, নয়ন মিয়া, শেখ সালমান আহমদ, সাব্বির আহমদ, আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম অনিক, প্রচার সম্পাদক পারভেজ মিয়া, সহসম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক শ্রী পিংকু মল্লিক ও মাহবুবুর হাসান।

এজাহারে উল্লেখ করা হয়, বিশ্বনাথ থানার নাইট পেট্রোল ডিউটি চলাকালে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রামপাশা ইউনিয়নের শেখপাড়া গ্রামের উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ ডিগ্রি কলেজের সামনে পাকা রাস্তায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আসামিরা আইনশৃঙ্খলা বিনষ্ট ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন বৈঠক করছে।

সংবাদ পেয়ে পুলিশ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে ১ থেকে ৩ নম্বর আসামির হুকুমে অন্যান্য আসামিরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে আসামিদের পরিচয় নিশ্চিত করে।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘এই মামলায় নয়ন মিয়া নামে এজাহার নামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪