সিলেটের বিশ্বনাথে ৩৯টি ইয়াবাসহ সুমন দেবনাথ (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার নতুনবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, সুমন দেবনাথ মাদক বিক্রির সঙ্গে জড়িত। তিনি বিশ্বনাথ পৌরশহরের জানাইয়া গ্রামের বাসিন্দা সিতেশ দেবনাথের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নতুনবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমনের সঙ্গে থাকা আরেক ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। পরে সুমনকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৯টি ইয়াবা বড়ি পাওয়া যায়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, সুমন দেবনাথের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।





