২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে সিলেটের বিশ্বনাথে মাদ্রাসাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে নতুন হাবড়া বাজার দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসা, তাদের পাসের হার ৭০ শতাংশ। ৬৮ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসা।
তবে পাসের হারে এগিয়ে থাকা এই তিনটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী এবার এ প্লাস (জিপিএ-৫) পায়নি।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ দুটি এ প্লাস পেয়েছে বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির পাসের হার ৬৩ শতাংশ।
এ ছাড়া ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসা, সৎপুর কামিল মাদ্রাসা, আমতৈল পঞ্চগ্রাম মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ও তেলিকোনা আলিম মাদ্রাসা থেকে একটি করে এ প্লাস এসেছে। এসব প্রতিষ্ঠানের পাসের হার যথাক্রমে ৬০, ৫৬, ৪৯ ও ৩৭ শতাংশ।
অন্যদিকে, ফলাফলে সবচেয়ে পিছিয়ে রয়েছে মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির পাসের হার ২৪ শতাংশ।
ফলাফল অনুযায়ী, পাসের হারে শীর্ষে থাকা প্রতিষ্ঠানের সঙ্গে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য দেখা গেছে। ফলে শুধু পাসের হার নয়, শিক্ষার্থীদের সর্বোচ্চ ফলাফল অর্জনের চিত্রেও মাদ্রাসাগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে।






