দলীয় শৃঙ্খলা ভঙ্গ, শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড এবং দলের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) বালাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে উত্থাপিত সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত ও সাংগঠনিক পর্যালোচনার ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য আব্দুল জলিল এবং ইউনিয়ন বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত দুই নেতাকে দলীয় পদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী বা শুভাকাঙ্ক্ষীকে তাদের সঙ্গে দলীয়ভাবে কোনো ধরনের যোগাযোগ বা সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য দলের সব স্তরের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম রব্বানী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান।







