বিশ্বনাথে কিশোরী ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী অন্যান্য দণ্ডাদেশও দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) সিলেটের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বিশ্বনাথ উপজেলার শাহবাজপুর এলাকার মো. আশিক আলীর ছেলে জয়নাল (২৫) এবং কান্দিরগাঁও এলাকার মো. মঈনুদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫)।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকেলে জয়নাল কৌশলে ১৪ বছর বয়সী ওই কিশোরীকে নিজের বসতঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন নাজিম উদ্দিন। পরে তারা পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করেন।

ঘটনার একপর্যায়ে জয়নাল ঘর থেকে বেরিয়ে গেলে কিশোরীটি সেখানে থাকা একটি মোবাইল ফোন ব্যবহার করে মাকে বিষয়টি জানায়। পরে তার মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরদিন তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ২০১২ সালের ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায়ের পর ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নূর আহমদ বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ধর্ষণের মতো গুরুতর অপরাধ দমনে এ ধরনের রায় ইতিবাচক বার্তা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪