এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় নকল বা প্রশ্নফাঁসের মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনও পরীক্ষার্থী নকলের সঙ্গে জড়িত প্রমাণিত হলে শুধু শিক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৪ জুন) ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

সভায় তিনি জানান, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে বা এ ধরনের অপরাধে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনও ধরনের ছাড় দেওয়া হবে না।

উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও কঠোর নজরদারির কথা উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষকদের মূল্যায়নের মান নিশ্চিত করতে এলোমেলোভাবে খাতা পুনরায় যাচাই করা হবে। মূল্যায়নে গাফিলতি, পক্ষপাত বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষা ব্যবস্থাকে নতুন সময়সূচির আওতায় আনতে ২০২৭ সাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।

এদিকে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা পরিশোধের বিষয়েও আশ্বাস দেন তিনি। ২০২২ সাল থেকে যেসব শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা পাননি, তাদের বকেয়া অর্থ আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে পর্যায়ক্রমে প্রদান শুরু হবে বলে জানান তিনি।

প্রাথমিক শিক্ষার অবকাঠামোগত সংকটের কথাও তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশে ৬০ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব পদ দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪