সিলেট থেকে বিদায় নিলেন ডিসি সারওয়ার আলম, ভারপ্রাপ্ত দায়িত্বে পিংকি সাহা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

প্রত্যাহারের আদেশের একদিন পর সোমবার রাতে সিলেট ত্যাগ করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতেই সারওয়ার আলম সিলেট ছাড়েন। তাঁর বিদায়ের পর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে পিংকি সাহার ওপর।

এর আগে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রত্যাহারের কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

প্রত্যাহারের আদেশের পরদিনই সোমবার হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে জমা হওয়া অর্থ গণনার উদ্যোগ নেন সারওয়ার আলম। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গণনা শেষে তিনটি ডেগ ও একটি দানবাক্স থেকে ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা নগদ এবং ৭ আনা সোনা পাওয়া যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলা প্রশাসন মাজারের তিনটি দানের ডেগ সিলগালা করে এবং একটি দানবাক্স স্থাপন করে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে মাজার-সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়। এর মধ্যেই ডিসি সারওয়ার আলমের প্রত্যাহারের সিদ্ধান্ত আসে। পরে তার সমর্থনে সিলেটে বিক্ষোভও অনুষ্ঠিত হয়।

সিলেট ছাড়ার আগে তিনি দানবাক্সের অর্থ গণনার কাজ সম্পন্ন করেন। যদিও এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, দানবাক্স স্থাপনের ১৫ দিন পর এ অর্থ গণনা করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪