শাহজালাল মাজারে ডিসি সারওয়ার, দানবাক্স খুলে চলছে অর্থ গণনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের দান কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সিলগালা করা তিনটি ডেগ ও প্রশাসনের স্থাপন করা দানবাক্স খুলে ভেতরে জমা হওয়া অর্থ বের করা হয়েছে। বর্তমানে দানের অর্থ গণনার কাজ চলছে।

সোমবার (২২ জুন) জোহরের নামাজের পর মাজার প্রাঙ্গণে উপস্থিত থেকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম দানবাক্স ও ডেগগুলোর তালা খুলে দেন। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ভেতরে থাকা বিপুল পরিমাণ অর্থ বস্তায় ভরে গণনার জন্য নির্ধারিত স্থানে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা জানান, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম মাজারে জোহরের নামাজ আদায় শেষে বেলা প্রায় ২টার দিকে সিলগালাকৃত ডেগ ও দানবাক্স খোলার কার্যক্রম শুরু করেন। পরে সেখান থেকে উদ্ধার করা অর্থ গণনার কাজ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত গণনা কার্যক্রম চলমান ছিল।

তিনি আরও জানান, অর্থ গণনা শেষে আনুষ্ঠানিকভাবে মোট প্রাপ্ত দানের পরিমাণ প্রকাশ করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি প্রশাসনের উদ্যোগে দান ব্যবস্থাপনায় নতুন পদক্ষেপ নেওয়া হয়। এর অংশ হিসেবে গত ১৮ জুন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে মাজারের তিনটি দানের ডেগ সিলগালা করা হয়। একই সঙ্গে মাজার প্রাঙ্গণে বড় একটি প্রধান দানবাক্সসহ কয়েকটি নতুন দানবাক্স স্থাপন করা হয়।

এ ছাড়া দানবাক্সগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য মোতায়েন এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

এর আগে গত ১২ জুন মাজার পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দান কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪