সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের তৎপরতা রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব ও জেলা প্রশাসন। অভিযানে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি, প্রতারণা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চার দালালকে আটক করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) রাতে পরিচালিত এ অভিযানের বিষয়ে বুধবার (১৭ জুন) দুপুরে তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, অভিযানের সময় আটক ব্যক্তিরা সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং সাধারণ মানুষকে হয়রানির বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— সিলেট নগরের শামীমাবাদ এলাকার তানভীর আহমেদ সুমন (৩০) ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সায়েম আহমদ (৩৪)। তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া, মৌলভীবাজার সদর উপজেলার বকুল মিয়া (৫৬) এবং সিলেট নগরের কানিশাইল এলাকার সুমন আহমেদকে (২৮) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
র্যাব জানিয়েছে, হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের অপতৎপরতা বন্ধ এবং রোগীদের নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







