ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগের সুনামগঞ্জের দিরাই উপজেলার কৃতি সন্তান মাশরাফি চৌধুরী ফাইজা। তার এই অর্জনে গর্বিত পরিবার, স্বজন ও এলাকাবাসী। একই সঙ্গে এটি সুনামগঞ্জসহ দেশের জন্যও গৌরবের বিষয় হিসেবে দেখা হচ্ছে।
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের সন্তান ফাইজা বর্তমানে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। আসন্ন বিশ্বকাপকে ঘিরে কানাডার টরন্টোতে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমে তিনি অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ দায়িত্বের অংশ হিসেবে বিশ্বকাপ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অতিথি, ক্রীড়া সংগঠক, কর্মকর্তা এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি।
ফাইজার বাবা মুস্তাক আহমেদ চৌধুরী তার মেয়ের এ অর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের মুহূর্ত। একই সঙ্গে দিরাই, সুনামগঞ্জ এবং বাংলাদেশের জন্যও এটি একটি সুখবর। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করে সুনাম বয়ে আনবেন ফাইজা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফাইজা কানাডাপ্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মুস্তাক আহমেদ চৌধুরী এবং সাবরিনা আক্তার জাহান চৌধুরীর কন্যা। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নেতৃত্বমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। আন্তর্জাতিক পরিসরে নানা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন আত্মবিশ্বাসী ও সম্ভাবনাময় তরুণ নেতৃত্ব হিসেবে গড়ে তুলেছেন।
উল্লেখ্য, ২০২৬ সালে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এ আয়োজনের বিভিন্ন কার্যক্রমে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী হিসেবে ফাইজার অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য একটি বিশেষ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।








