বিশ্বনাথে লোহার হুকে ঝুলে থাকা তরুণীর মরদেহ উদ্ধার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে সীমা (২৪) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সীমা ওই গ্রামের ময়না মিয়ার মেয়ে। তিনি পবিত্র কোরআনের হাফেজা ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার রাতে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান সীমা। রাতের কোনো একসময় তিনি ঘর থেকে বের হয়ে পাশের নির্মাণাধীন একটি ঘরের বারান্দায় যান। ধারণা করা হচ্ছে, সেখানে লোহার হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহনন করেন।

রোববার সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের নির্মাণাধীন ঘরের বারান্দায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই লাহিন মিয়া বলেন, সীমা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার চিকিৎসাধীন ছিলেন। তাকে সুস্থ করে তুলতে বিভিন্ন ধরনের চিকিৎসা চলছিল। ঘটনার আগের রাতেও তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলেও তিনি জানান।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪