সাংবাদিকতা হতে হবে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ : এমপি লুনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সাংবাদিকতায় স্বাধীনতার অর্থ এই নয় যে যা খুশি তা-ই করা যাবে। স্বাধীনতার একটি সীমা থাকা উচিত এবং তা হতে হবে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ। মঙ্গলবার (৫ মে) বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত বিশ্বনাথ মিডিয়া কাপের ২য় আসরের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য, ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনা এসব কথা বলেন।

​এমপি লুনা বলেন, ‘বিগত ১৭ বছরে কেউ কোনো সাংসদ বা দলীয় নেতার বিরুদ্ধে লিখতে পারেননি। আমরা যেমন স্বাধীন হয়েছি, সাংবাদিকরাও আজ স্বাধীন। তবে, এই স্বাধীনতার অপব্যবহার করে অন্যের চরিত্র হনন বা ক্ষতি করা যাবে না। দেশ ও জনগণের স্বার্থে আপনাদের সত্য তুলে ধরতে হবে।’

​তিনি সাংবাদিকদের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, ‘সাংবাদিকদের কোনো দল থাকবে না। সাংবাদিকতা হতে হবে নিরপেক্ষ। সংবাদ করার আগে সত্যতা যাচাই করে নেওয়া জরুরি।’

​সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিছু সাংবাদিক এবং বিশেষ করে কিছু ‘মোবাইল সাংবাদিক’ উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। কোথাও অনিয়ম বা দুর্নীতি হলে প্রশাসন আছে। অথবা আমার কাছে সরাসরি বলুন, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু, অপপ্রচার কাম্য নয়।’

​বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিপন আহমদ ও বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সম্পাদক মো. লিলু মিয়া, প্রবাসী বিএনপি নেতা জামাল আহমদ, মিডিয়া কাপের অন্যতম পৃষ্ঠপোষক মুমিন খান মুন্না, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ মিডিয়া কাপের সমন্বয়ক প্রনঞ্জয় বৈদ্য অপু।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪