সিলেটের বিশ্বনাথে অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫০ গ্রাম গাঁজাসহ ফয়সল আহমদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর (দোহাল) এলাকায় তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফয়সল আহমদ ওই এলাকার ওয়ারিছ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক-সংক্রান্ত আরও ৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসির নির্দেশনায় এএসআই ফুল মিয়ার নেতৃত্বে একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ফয়সলের বসতঘর তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহির উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





