ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রকাশিত বিশেষ স্মারক ‘ঈদ উৎসব-২০২৬’-এর মোড়ক উন্মোচন করেছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি লুনা বলেন, প্রয়াত নেতা এম. ইলিয়াস আলীর বিশ্বনাথ-ওসমানীনগর নিয়ে ছিল বিস্তৃত উন্নয়ন পরিকল্পনা। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে সাংবাদিকসহ দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও প্রকাশনার মাধ্যমে এলাকার গুণিজনদের তুলে ধরছেন, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিপন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদস্য আহমদ আলী হিরন। স্বাগত বক্তব্য দেন সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলছুম রুবি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশ্বনাথ প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও মডেল প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।





