সিলেট-২ আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী দেশের মানুষের দুঃখ-দুর্দশা দূর করার জন্য কাজ করবে। সকল ধর্ম-বর্ণের মানুষই ন্যায়বিচার পাবেন। আর ক্ষমতায় যেতে না পারলেও জামায়াত মানুষের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠায় সবসময় মাঠে থাকবে—যেমনটি তারা করোনাকালে করেছেন। যখন অনেক রাজনৈতিক নেতা নিজেদের নিরাপদ রাখতেই ব্যস্ত ছিলেন, তখন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের নিয়ে মানুষের খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার দায়িত্ব নিয়েছিলেন। কারণ জামায়াত কারও মন রক্ষার রাজনীতি করে না; তারা আল্লাহর সন্তুষ্টি ও তাঁর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করে। তাই জামায়াতের কোনো কর্মী মানুষের সম্পদ বা অধিকার আত্মসাৎ করতে পারে না।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘দেওকলস ইউনিয়ন ও ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন’ জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে ‘দাঁড়িপাল্লা প্রতীক ও তাঁর’ সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আব্দুল হান্নান আরও বলেন, জামায়াতের যেসব প্রার্থী এমপি নির্বাচিত হবেন, পাঁচ বছর পরও তাঁদের অবস্থায় পরিবর্তন আসবে না; সম্পদ বাড়বে না, বরং কমতেও পারে। কারণ তাঁরা শুধু জামায়াতের এমপি নন, তাঁরা হবেন তাঁদের নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের প্রতিনিধি—ধর্ম-বর্ণ নির্বিশেষে। জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নই তাঁদের মূল লক্ষ্য হবে। তাই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতকে সরকার গঠনের সুযোগ করে দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি শামীম আহমদ মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক, ওসমানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর রেদওয়ানুর রহমান চৌধুরী শাহীন, সহকারী সেক্রেটারি শাফির আহমদ, তাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জাহেদ আহমদ, জেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা সাদিক সিকান্দার, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান জিলু, শাহ নেছাওর আলী, শাহ রেদুয়ান খান, বিশ্বনাথ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল মজিদ ও সংগঠক আব্দুল কাইয়ুম।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন দেওকলস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সদস্য আলমগীর হোসেন এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আব্দুল মতিন ও জসিম উদ্দিন কাওছার। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরোও পড়ুন:: বিশ্বনাথে সম্ভাব্য মেয়র প্রার্থী এম আর আজিজকে বিটিআই ইনস্টিটিউটের সংবর্ধনা।





