সিলেটে মহানগরীর চৌহাট্টা এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে আলপাইন রেস্টুরেন্টের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম শহিদ আহমদ চৌধুরী (৫৮)। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি জানান, বিকেলে একটি মোটরসাইকেল চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিল। এ সময় নয়াসড়ক থেকে চৌহাট্টাগামী একটি চাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শহিদ আহমদ চৌধুরী প্রাণ হারান।
পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে, তবে চালক ঘটনার পরপরই পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।








