সিলেটের জকিগঞ্জে এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন পরিবারের দুই নারী সদস্য।
শনিবার (৫ এপ্রিল) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের মিনাপাড়া গ্রামে সৌদি আরবপ্রবাসী মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সুত্রে জানা যায়, প্রায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল গভীর রাতে রায়হান আহমদ ও প্রবাসী মোহাম্মদ আলীর বসতঘরে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে। এ সময় তারা ১ লাখ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুটে নেয়।
ডাকাতদের হামলায় রায়হানের ২৪ বছর বয়সী স্ত্রী এবং ৬০ বছর বয়সী মা আহত হন। ডাকাতি শেষে দলটি পার্শ্ববর্তী গুলজার আহমেদের বাড়িতে প্রবেশের চেষ্টা করলে ঘরের লোকজন জেগে চিৎকার শুরু করেন। এরপর আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এ বিষয় জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া জানান, ঘটনার পরপরই ডাকাতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
আরও পড়ুনি:: ওসমানীনগরে সবজি বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার








