সিলেটের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ঘোষণা অনুযায়ী, নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়া হবে। দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীরা পাবেন ৩ লাখ টাকা করে। আর অন্য আহত ব্যক্তিদের দেওয়া হবে ১ লাখ টাকা করে।
শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে গিয়ে এ সহায়তার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের এই সরকারি সহায়তা দেওয়া হবে।
আর্থিক সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে নির্ধারিত একটি ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে। ওই ফরম যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার পর সংশ্লিষ্টরা সরকারি অনুদানের টাকা পাবেন।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা কমাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
বিশেষ করে সকালে মহাসড়ক তুলনামূলক ফাঁকা থাকায় চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও অহেতুক প্রতিযোগিতার বিষয়ে নজরদারি বাড়ানো হবে বলেও জানান তিনি।
শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৯ জন নিহত হন। নিহত ব্যক্তিরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
এ ছাড়া দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে ১৪ জন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।







