শিশু-কিশোরদের মসজিদমুখী করা এবং নিয়মিত জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন সৌদি আরবের রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, সমাজকর্মী ও শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক।
তাঁর ব্যক্তিগত উদ্যোগে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায়কারী ৩২ জন শিশু-কিশোরের মধ্যে নগদ অর্থ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে প্রায় দুই লাখ টাকার পুরস্কার দেওয়া হয়।
রোববার (২ আগস্ট) জোহরের নামাজের পর খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আব্দুল আজিজ মাসুক।
পুরস্কারের মধ্যে প্রথম স্থান অর্জনকারী ১৪ জন শিশু-কিশোরকে জনপ্রতি ১০ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জনকারী ৭ জনকে জনপ্রতি ৪ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য শিশু-কিশোরকে উৎসাহ দিতে প্রত্যেককে একটি করে কলম উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শিশুদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, বর্তমান সময়ে শিশু-কিশোরদের মোবাইলসহ বিভিন্ন নেতিবাচক আসক্তি থেকে দূরে রেখে মসজিদমুখী করতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গঠনে সহায়ক হবে।
অনুষ্ঠানে বক্তব্যে আব্দুল আজিজ মাসুক বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ছোটবেলা থেকেই তাদের ধর্মীয় অনুশাসন, নৈতিক শিক্ষা ও জামাতের সঙ্গে নামাজ আদায়ে অভ্যস্ত করে তুলতে পারলে তারা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। ভবিষ্যতেও এ ধরনের উৎসাহমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় মুরব্বি, মুসল্লি, অভিভাবক ও এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। শিশু-কিশোরদের উৎসাহ-উদ্দীপনা এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।








