পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ওসমানীনগরের যুবক নিহত, পরিবারে শোকের মাতম

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের ওসমানীনগর উপজেলার এক যুবক পর্তুগালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত মো. শামসুল ইসলাম কামরান (২৫) জীবিকার সন্ধানে কয়েক বছর আগে ইউরোপের দেশ পর্তুগালে পাড়ি জমান। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৪ জুলাই) স্থানীয় সময় রাত আনুমানিক ৯টার দিকে পর্তুগালের সেতুবালের আলমেদা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে আলমেদা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৫ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

স্বজনরা জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে কয়েক বছর আগে পর্তুগালে যান কামরান। দুর্ঘটনার দিনও প্রতিদিনের মতো পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছিলেন তিনি। কেউ ভাবতে পারেননি, সেটিই হবে তাদের সঙ্গে তার শেষ কথা।

তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনরা মরদেহ দ্রুত দেশে এনে নিজ গ্রামের কবরস্থানে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪