সিলেটের বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সুনিল কান্তি দে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কানু রঞ্জন দেব।
শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও সিলেট জেলা নেতারা স্থানীয় কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নেতৃত্ব ঘোষণা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গোবিন্দ মালাকার ও কাজল মালাকার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সুমন দেবের নাম ঘোষণা করা হয়।
এর আগে বিকেলে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। অনুষ্ঠানের শুরুতে গীতা থেকে পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহসভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. বিভাংশু গুন বিভু।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুনিল কান্তি দের সভাপতিত্বে এবং সদস্য কাজল মালাকার ও গোবিন্দ মালাকারের যৌথ সঞ্চালনায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সিলেট মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে এবং বিশ্বনাথ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহসভাপতি রুপক কুমার দেব।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক কোষাধ্যক্ষ কানু রঞ্জন দেব, পূজাবিষয়ক সম্পাদক বিজয় দেব, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাস্টার অজিত দেব, জেলা সহকারী শিক্ষক সমিতির সহসভাপতি বাবুল কান্তি দাশ মেঘল এবং হিন্দু কমিউনিটি নেতা ঝলক আচার্য্য।
দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষের সঞ্চালনায়। এ অধিবেশনেই বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সম্মেলনের উভয় অধিবেশনে রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





