সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে অবস্থান করছেন মাস্তুরা বেগম (১৯) নামে এক তরুণী। গত ৩ জুন থেকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া উত্তর গ্রামে প্রেমিক কয়েছ মিয়ার বাড়ি ও তার চাচার ঘরে অবস্থান করছেন তিনি। তবে এরই মধ্যে অন্য এক তরুণীকে বিয়ে করে ঘরে তুলেছেন কয়েছ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তরুণীর সঙ্গে কয়েছের বিয়ের আলোচনা শুরু হয়। দুই পরিবারের সম্মতিতে বিয়ের কথাবার্তা এগোলেও অনুষ্ঠান আয়োজন নিয়ে মতবিরোধের কারণে তা ভেঙে যায়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি তরুণীর।
ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখেন কয়েছ। পরে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন। একপর্যায়ে পরিবারের চাপে অন্যত্র তার বিয়ে হলেও সেটি টেকেনি। এরপর গত ৩ জুন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন তিনি। কিন্তু পরদিনই কয়েছ অন্যত্র বিয়ে করে নববধূকে বাড়িতে নিয়ে আসেন।
তরুণী জানান, স্ত্রীর স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তিনি ওই বাড়ি ছাড়বেন না।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার উভয় পক্ষকে নিয়ে বৈঠক করলেও কোনো সমাধান হয়নি। বর্তমানে তরুণী প্রেমিকের চাচার ঘরে অবস্থান করছেন।
যোগাযোগ করা হলে কয়েছ মিয়া তরুণীর সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেন। তবে বর্তমানে তার সংসার রয়েছে উল্লেখ করে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের কথা বলেন।
গোয়াইনঘাট থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য সুত্র: রুপালি বাংলাদেশ





