নানাবাড়ির পুকুরে শিশুর সলিল সমাধি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

​সিলেটের বিশ্বনাথে নানাবাড়ির পুকুরের পানিতে ডুবে তাসনিয়া বেগম নামে তিন বছর বয়সী এক কন্যাসন্তানের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত তাসনিয়া একই উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ বিলপাড় (মুন্সিবাড়ি) গ্রামের ব্যবসায়ী আমির উদ্দিনের মেয়ে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের সাথে নানাবাড়ি সাতপাড়া গ্রামে বেড়াতে গিয়েছিলেন তাসনিয়া। রবিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে কোনো একসময় পরিবারের সবার অগোচরে তিনি বাড়ির পাশের পুকুরে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওই শিশুর পিতার উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪